ছবি:সংগৃহীত
সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুন নূর বলেছেন, জাতীয় পার্টি গণমানুষের দল। দেশের মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে এবং লাঙল প্রতীকের প্রতি তাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। মানুষের এই আস্থা ও ভালোবাসার কারণেই জাতীয় পার্টি অতীতে রাষ্ট্রক্ষমতায় ছিল।
তিনি বলেন, আগামী নির্বাচনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের ভোটাররা আবারও জাতীয় পার্টির ওপর আস্থা রাখবেন এবং লাঙল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে বিজয়ী করবেন।
রোববার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মুজিবুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি মজির উদ্দিন চাকলাদার, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু বক্কর, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আসযাদুর রহমান রুম্মান, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক জহির উদ্দিন, সিলেট মহানগর যুব সংহতির সভাপতি সুফিয়ান খান, জেলা যুব সংহতির সাবেক সভাপতি মর্তুজা আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ফারুক আলী, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন এবং পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জাতীয় পার্টির নেতারা আসন্ন নির্বাচনে দলীয় সাংগঠনিক শক্তি আরও সুসংহত করে লাঙল প্রতীকের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




