ছবি:সংগৃহীত
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেট মহানগর তাঁতী দলের আহ্বায়ক কমিটির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাতে সিলেট নগরীর রংমহল টাওয়ারের একটি হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে এক সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর তাঁতী দলের আহ্বায়ক মো. কয়েছ আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হক বেলালের পরিচালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা তাঁতী দলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত।
সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তাঁর আপসহীন নেতৃত্ব, সাহসিকতা ও দৃঢ় অবস্থান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তাঁরা আরও বলেন, বেগম খালেদা জিয়ার দেশ ও গণতন্ত্রে অবদান জাতি কখনো ভুলবে না। নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুস শহিদ, রাহুল হোসেন সাহেল, নুরুল ইসলাম, দিলওয়ার হোসেন মানিক, আমিনুর রহমান, আকবর আলী খান, শামিম আহমদ, শাহজাহান আহমদসহ মহানগর তাঁতী দলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় মহানগর তাঁতী দলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে দোয়া মাহফিল শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




