ছবি:সংগৃহীত
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নে জামায়াতে ইসলামীর জনশক্তিদের সঙ্গে আয়োজিত উঠান বৈঠকে চাঁদাবাজি ও লুটতরাজ বন্ধে জামায়াতের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সিলেট জেলা মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদ।
শনিবার মাইজগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামিকে মনে-প্রাণে গ্রহণ করে নিয়েছে। জনগণ এখন জামায়াতে ইসলামিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় এবং সংসদে পাঠাতে উদগ্রীব হয়ে আছে। জামায়াতে ইসলামী অতীতেও মানুষের কল্যাণে কাজ করেছে, আগামীতেও তা অব্যাহত রাখতে চায়।
মাওলানা লোকমান আহমদ বলেন, ৫ আগস্টের পর একটি দলের নেতাকর্মীদের চাঁদাবাজিতে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। এসব অনিয়ম, চাঁদাবাজি ও লুটতরাজ বন্ধ করতে হলে জামায়াতে ইসলামীই একমাত্র বিকল্প। দেশের মানুষ এখন সচেতন হয়েছে এবং দেশের কল্যাণে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মাইজগাঁও ইউনিয়ন আমির জিয়াউল ইসলাম তুলা।
বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা মজলিসে শূরা সদস্য ও সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপজেলা আমির ইমরান আহমদ চৌধুরী, উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ূন আহমদ, সাবেক জেলা সভাপতি সাফাত রহমান, সাবেক উপজেলা সেক্রেটারি এহসানুর রহমান ইরাক, আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে স্থানীয় জামায়াতে ইসলামীর জনশক্তিরা উপস্থিত ছিলেন এবং আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




