ছবি:সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও ১০ দলের সমর্থন প্রত্যাশী মুফতী আবুল হাসান বলেছেন, দেশের চলমান সংকট উত্তরণে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর ধোপাদিঘীর পাড়স্থ একটি কমিউনিটি সেন্টারের কনফারেন্স হলে জকিগঞ্জ-কানাইঘাটের বিশিষ্টজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতী আবুল হাসান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি, অনিয়ম ও অবিচার চরম আকার ধারণ করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের আস্থা অর্জন করতে পারে এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করা সময়ের দাবি। খেলাফত মজলিস এ লক্ষ্যেই রাজনীতি করে যাচ্ছে।
মুফতী আবুল হাসান বলেন, সিলেট-৫ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের মানুষ ধর্মপ্রাণ ও সচেতন। জকিগঞ্জ ও কানাইঘাটের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি নির্বাচিত হলে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশ্বাস দেন।
সভায় সভাপতিত্ব করেন কানাইঘাট ডিগ্রি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল শামসুল আলম মামুন। মতবিনিময় সভার সঞ্চালনা করেন জকিগঞ্জ-কানাইঘাট উন্নয়ন ফোরাম সিলেটের আহ্বায়ক মাওলানা মুখলিছুর রহমান ও সদস্য সচিব হাফিজ মাওলানা শিব্বির আহমদ।
সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, লেখক ও কলামিস্ট এম এ মালেক চৌধুরী, সিলেট বিভাগের সর্বোচ্চ করদাতা বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, আব্দুশ শাকুর বাবুল, খেলাফত মজলিস মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, বাংলাদেশী মুসলিমস ইউকের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, ইসলামী আন্দোলনের সিলেট জেলার সহ সভাপতি মোহাম্মদ নূরুল আমীন, খেলাফত মজলিস সিলেট মহানগরের সহ সভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডাক্তার মোস্তফা আহমদ আজাদসহ অন্যান্য বিশিষ্টজনরা।
সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামপন্থি ও দেশপ্রেমিক শক্তির ঐক্য অত্যন্ত জরুরি। আসন্ন নির্বাচনে সঠিক প্রার্থীকে সমর্থন দিয়ে জনগণের অধিকার পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা আশা প্রকাশ করেন, মুফতী আবুল হাসান নির্বাচিত হলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা রাখবেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




