ছবি:সংগৃহীত
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেগম খালেদা জিয়ার মতো দৃঢ়চেতা, সাহসী ও আপোষহীন নেত্রী ইতিহাসে বিরল। তিনি দেশবাসীর হৃদয়ে চির অম্লান আপোষহীনতার প্রতীক হয়ে থাকবেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত স্মৃতিচারণ ও শোক বই স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়-বাংলাদেশ হারিয়েছে তার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, ‘মাদার অব ডেমোক্রেসি’ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তাঁর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তিনি প্রতিকূল পরিস্থিতিতেও আজীবন দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে আপোষহীন ছিলেন। কারাবরণ, অসুস্থতা ও নানা নির্যাতনের মাঝেও তিনি কখনো মাথানত করেননি। তাঁর বিয়োগের মধ্য দিয়ে একটি আপোষহীন ইতিহাসের অবসান হলো।
তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম চিরকাল অগ্রভাগে উচ্চারিত হবে। সংকটকালে তিনি ছিলেন দৃঢ়, সাহসী ও অবিচল নেতৃত্বের প্রতীক। মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, তিনি যেন এই মহীয়সী নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শোক বইতে স্বাক্ষর করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট জেলা আহ্বায়ক ডা. শামীমুর রহমান, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিনা শারমিন তামান্না, সোনালীস্বপ্ন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আশরাফ গাজী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সদস্য সচিব অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমজেএর কার্যনির্বাহী কমিটির সদস্য শাহ মো. কয়েস আহমদ, ফয়সাল আমীন, শাহীন আহমদ, এম আর টুনু তালুকদার, সহ-সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, কোষাধ্যক্ষ বাবর জোয়ারদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মাজিদ চৌধুরীসহ সদস্য শাহীন আলম, মোশারফ হোসেন আমিত, রাধে মল্লিক তপন, কৃতিশ তালুকদার, সাইদুল ইসলাম প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




