পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ গঠনে বিএনপির বিকল্প নেই - ইলিয়াসপত্নী লুনা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:১০ PM

পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ গঠনে বিএনপির বিকল্প নেই - ইলিয়াসপত্নী লুনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ০৮:২৭:৩০ PM

পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ গঠনে বিএনপির বিকল্প নেই - ইলিয়াসপত্নী লুনা

ছবি:সংগৃহীত


পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ গঠনে বিএনপির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার এক অবিস্মরণীয় নেত্রী। তাঁর রাজনৈতিক জীবন ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। জাতির এই ক্রান্তিকালে তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের হোসেনপুর গ্রামে উপজেলা মহিলা দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর লুনা বলেন, আগামীর একটি সুন্দর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে বেগম খালেদা জিয়ার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়ন জরুরি। এ লক্ষ্য অর্জনে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। কারণ একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই।

তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। বারবার নির্যাতন, কারাবরণ ও দীর্ঘ অসুস্থতার মাঝেও তিনি কখনো জনগণের অধিকার প্রশ্নে আপস করেননি। তাঁর আদর্শ ও নেতৃত্ব ভবিষ্যৎ রাজনীতিতে আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

উপজেলা মহিলা দলের নেত্রী বিলকিছ আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপি নেতা আব্দুল মতিন, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, জেলা মহিলা দলের নেত্রী বেগম স্বপ্না শাহিন, উপজেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, নুরুন নাহার ইয়াসমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা কবির উদ্দিন মেম্বার, সাইদুর রহমান, ধনাই মিয়া, মাসুক মিয়া, নজরুল ইসলাম, গোলাম আকবর ও রিমা বেগম।

সভা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা আবুল বশর মো. ফারুক। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নারী নেত্রীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ