ছবি:সংগৃহীত
গোলাপগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে গোলাপগঞ্জ পৌরসদরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং গুরুত্বের সঙ্গে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন।
মতবিনিময়কালে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজ ও রাষ্ট্র সংস্কারে তাদের ভূমিকা অপরিসীম। বিএনপি মনেপ্রাণে বিশ্বাস করে যে, আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশ গড়া ও সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে সাংবাদিকরা অন্যতম সহায়ক শক্তি। কারণ, সাংবাদিকদের তোলা একটি ছবি কিংবা ক্ষুরধার একটি লেখা সমাজের অন্ধকার চিত্র বদলে দিতে পারে।
তিনি আরও বলেন, তার জন্ম, শৈশব ও বেড়ে ওঠা এই জনপদেই। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষই তার প্রকৃত অভিভাবক। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। এরই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে তাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনিই এই আসনের চূড়ান্ত প্রার্থী-এ বিষয়ে কোনো বিভ্রান্তি বা বিতর্কের সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
আগামী দিনের পথচলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেট-৬ আসনের উন্নয়নের স্বার্থে তার কোনো ভুল থাকলে তা ধরিয়ে দিতে সাংবাদিকরা যেন পিছপা না হন। তিনি নির্বাচিত হলে এমপি হিসেবে নয়, একজন সেবক হিসেবে কাজ করবেন এবং তার কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করার অধিকার সাংবাদিকদের সবসময় থাকবে।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা নার্জিস আহমদ চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক তামিম ইয়াহইয়া আহমদ, সহ মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আব্দুল জলিল, এনামুল হক, মাহফুজ আহমদ চৌধুরী, আব্দুল আজিজ, হারিছ আলী, রতন মনি চন্দ্র, ইমরান আহমদসহ গোলাপগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




