ছবি:সংগৃহীত
সিলেটে রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ মানুষের জন্য প্রথমবারের মতো স্থায়ী আবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটের অন্যতম বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন জীবন ফাউন্ডেশনের উদ্যোগে ‘জীবন ফাউন্ডেশন সেইফ হোম’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সিলেট বিমানবন্দর এলাকার নয়াবাজার নেছারাবাদ হাউজিংয়ে এ মহতী উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এটি সিলেট বিভাগে বেওয়ারিশদের জন্য প্রথম কোনো আবাসস্থল হতে যাচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন। সংগঠনের জেনারেল সেক্রেটারি মো. জুনেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, দুনিয়াতে সবাইকে একদিন চলে যেতে হবে-এই সত্য আমাদের মনে রাখা উচিত। বেঁচে থাকতে যদি সমাজের জন্য কিছু করে যাওয়া না যায়, তাহলে জীবনের সার্থকতা থাকে না। তিনি জীবন ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেটের রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ মানুষের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল তৈরি হবে।
সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, বিশেষ করে সিলেটের প্রবাসীরা এই প্রকল্পে সহযোগিতা করলে এটি দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে। পরে তিনি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাজ্য প্রবাসী জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের সাবেক ট্রেজারার গোলাম মরতুজা চৌধুরী ইকবালের সহধর্মিণী ফরিদা চৌধুরী নিজের বসতঘর নির্মাণের জন্য সংরক্ষিত ৮ ডেসিমেল জমি মহতী এই কাজের জন্য দান করেন। দানকৃত জমিতেই সেইফ হোম নির্মাণকাজ শুরু হয়েছে।
সংগঠনের জেনারেল সেক্রেটারি মো. জুনেদ আহমদ বলেন, দেশি-বিদেশি দাতাদের সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটির কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হবে। তিনি জানান, জীবন ফাউন্ডেশন সেইফ হোমে এক লাখ টাকা অনুদানের মাধ্যমে আজীবন সদস্য হওয়ার সুযোগ রয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজন আজীবন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। এছাড়া যেকোনো ধরনের সহযোগিতার সুযোগও রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক ট্রেজারার গোলাম মরতুজা চৌধুরী ইকবাল এবং সংস্থার আজীবন সদস্য হেলাল খান।
এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মো. আমিনুল ইসলাম, আজীবন সদস্য আকমল হোসেইন, আব্দুর রহিম, জমির টিটু, মনোয়ার মুহিব, জুনেদুর রহমান, ইঞ্জিনিয়ার রতন মিয়া এবং সংগঠনের সদস্য মাজহারুল ইসলাম জয়নাল, ইজ্জাদুর রহমান মুন্না, আবু খালেদ, ফরিদ আহমদ, শাহিদ আহমদ, আতিকুর রহমান, আহমদ আল আরিফ চৌধুরীসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মুস্তাকিম আহমদ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




