আলেম-ওলামাদের মর্যাদা ও ইমামদের স্থায়ী সম্মানীসহ স্বীকৃতির ব্যবস্থা করা হবে- এম এ মালিক
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:২০ PM

আলেম-ওলামাদের মর্যাদা ও ইমামদের স্থায়ী সম্মানীসহ স্বীকৃতির ব্যবস্থা করা হবে- এম এ মালিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০৮:৪৯:২৬ PM

আলেম-ওলামাদের মর্যাদা ও   ইমামদের  স্থায়ী সম্মানীসহ  স্বীকৃতির ব্যবস্থা  করা হবে-  এম এ মালিক

ছবি:সংগৃহীত


ইসলাম ও সুন্নাহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএনপির সিলেট-৩ আসনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আলেম-ওলামাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি মসজিদের ইমামদের জন্য স্থায়ী সম্মানী ও রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থাও গ্রহণ করা হবে।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন মসজিদের ৮৩ জন ইমামকে নিয়ে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তেলিবাজারের খাজা মহলে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলের আয়োজন করেন এম এ মালিক।

এম এ মালিক বলেন, তিনি একজন মুসলমান পরিবারের সন্তান এবং ইসলামকে অন্তর থেকে ধারণ করেন। প্রবাসজীবনে লন্ডনে দুটি মসজিদ প্রতিষ্ঠার সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন। আলেম-ওলামাদের প্রতি তার বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে এবং সবসময় তিনি তাদের অধিকার ও মর্যাদার পক্ষে অবস্থান নিয়েছেন।

তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ ও ইমামরা মানুষের নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার ভিত্তি গড়ে তুলছেন। অথচ রাষ্ট্রীয়ভাবে তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে একজন ইমাম ড্রাইভারের বেতনের চেয়েও কম সম্মানী পান—যা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও আলেমদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদান, সম্মানী বৃদ্ধি এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন এম এ মালিক। একই সঙ্গে দক্ষিণ সুরমার ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকার স্থানীয় সমস্যা ও দাবিদাওয়া সংসদে অগ্রাধিকার ভিত্তিতে উত্থাপন করার প্রতিশ্রুতিও দেন তিনি।

দোয়া মাহফিলে উপস্থাপনায় ছিলেন সিলেট বলদী পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল হাফিজ মুজাহিদপুরি। কুরআন তেলাওয়াত করেন লক্ষীপুর জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুস সালাম।

আলোচনা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বদীকোনা জামে মসজিদের ইমাম হযরত মাওলানা শোয়েব আহমদ, জামেয়া মোহাম্মদিয়া তেতলি ঠিলাবাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা ইলিয়াস আহমদসহ অন্যান্য আলেম ও ধর্মীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করা হয় এবং তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ