ছবি:সংগৃহীত
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, প্রয়াত চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ইসলামী শিক্ষা ও আলেম-উলামার সম্মান-আত্মমর্যাদা রক্ষায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন অবিচল ছিলেন। ইসলামী শিক্ষা ব্যবস্থায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) গোয়াইনঘাট উপজেলার ৪ নম্বর লেঙ্গুড়া ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আয়োজিত দিনব্যাপী দোয়া মাহফিল-পূর্ব স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে আরিফুল হক চৌধুরী লেঙ্গুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং সেখানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন।
স্মৃতিচারণ বক্তব্যে তিনি বলেন, এ এলাকার মানুষ সৌভাগ্যবান-কারণ এটি আলেম-উলামার পদস্পর্শে ধন্য। এখানকার মানুষ ধর্মভীরু ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। তিনি আরও বলেন, সিলেট শান্তি ও রাজনৈতিক সম্প্রীতির অঞ্চল। আধ্যাত্মিক সিলেটে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ-সব ধর্মের মানুষ প্রাচীনকাল থেকেই মিলেমিশে বসবাস করে আসছে, ভবিষ্যতেও এই সম্প্রীতি অটুট থাকবে।
আরিফুল হক চৌধুরী বলেন, প্রত্যেক ধর্মের মানুষের প্রতি সম্মান প্রদর্শন ইসলামের মৌলিক বৈশিষ্ট্য। সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করতে পারে এবং শিক্ষা-চিকিৎসাসহ সব ধরনের সুযোগ-সুবিধা পায়-এটি নিশ্চিত করাই তাঁর প্রধান দায়িত্ব ও কর্তব্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর ও লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, সদস্য সাহেদ মেম্বার, তাঁতী বিষয়ক সম্পাদক এনামুল হক তাহের, ৪ নম্বর লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




