খালেদা জিয়ার আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি: অ্যাড. এমরান আহমদ চৌধুরী
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৫১ PM

খালেদা জিয়ার আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি: অ্যাড. এমরান আহমদ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ১০:৪৪:০৩ PM

খালেদা জিয়ার আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি:  অ্যাড. এমরান আহমদ চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘আমাদের মা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি আমাদের অভিভাবক হিসেবে তাঁর সুসন্তান জনাব তারেক রহমানকে রেখে গেছেন। তাঁর নির্দেশনা অনুযায়ীই আমাদের চলতে হবে। সংগঠনের স্বার্থবিরোধী কোনো কাজ করা যাবে না।’

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে গোলাপগঞ্জে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দলের বার্তা স্পষ্ট-যারা সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবে, তারা স্বৈরাচারের দালাল হিসেবে বিবেচিত হবে এবং তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে।

এদিন রাতে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জ পৌরসদরের একটি হলরুমে আয়োজিত এ দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, বর্তমান উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম সম্পাদক এস এ রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবেদ আহদ, যুগ্ম আহ্বায়ক শাহিউল আলম চৌধুরী ও জামাল উদ্দিন, সিনিয়র সদস্য কয়েছ আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা কামাল আহমদ এবং পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক তারেক আহমদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘দলের নির্দেশনার বাইরে যাওয়ার কারো সুযোগ নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।’

এদিকে শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমআ বিয়ানীবাজারের শ্রীধরা এলাকার হযরত সৈয়দ শাহ রাহ. হাফিজিয়া মাদরাসার ওয়াজ মাহফিলে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আলেম-উলামার দোয়া ও পরামর্শ নিয়েই আমাদের চলতে হবে। তাঁরা নায়েবে নবি। আলেমদের অসম্মান ও নির্যাতনের কারণেই একটি দল দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বিএনপি অতীতেও আলেম সমাজকে সম্মান দিয়েছে, ভবিষ্যতেও তাদের যথাযথ মূল্যায়ন করবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ