ছবি:সংগৃহীত
আসন্ন সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে বিত্তশালী প্রার্থীদের আধিপত্য স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচনী হলফনামায় জমা দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সিলেটের ৬টি আসনের মোট ৩৯ জন প্রার্থীর মধ্যে অন্তত ২২ জনের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ এক কোটি টাকা বা তার বেশি। শুধু প্রার্থীরাই নন, অনেক প্রার্থীর স্ত্রীও কোটিপতি হওয়ায় নির্বাচনকে ঘিরে অর্থনৈতিক বৈষম্যের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
সবচেয়ে বিত্তশালী প্রার্থী
সিলেট-৬ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমান সিলেট জেলার সবচেয়ে বিত্তশালী প্রার্থী। তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৫২ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৫৭৫ টাকা। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুন নূরের সম্পদ এক কোটি টাকার নিচে।
আসনভিত্তিক সম্পদের চিত্র
সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সম্পদের পরিমাণ ৩৪ কোটি ৩৫ লাখ টাকা, তার স্ত্রীর সম্পদ ১৪ কোটি ৫২ লাখ টাকা। সিপিবির প্রার্থী মো. আনোয়ার হোসেনের সম্পদ প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা, স্ত্রীর সম্পদ ২ কোটি ৮৫ লাখ টাকা।
সিলেট-২ আসনে সাত প্রার্থীর মধ্যে চারজন কোটিপতি। বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীরের সম্পদ ২ কোটি ৩৯ লাখ টাকা, খেলাফত মজলিসের মো. মুনতাসির আলী, জামায়াতের আব্দুল হান্নান এবং জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরীও কোটিপতির তালিকায় রয়েছেন।
সিলেট-৩ আসনে সাত প্রার্থীর মধ্যে পাঁচজন কোটিপতি। খেলাফত মজলিসের মুছলেহ উদ্দিন রাজুর সম্পদ ৫ কোটি ৭৯ লাখ টাকা। বিএনপির প্রার্থী আবদুল মালিকের সম্পদ ৩ কোটি ৪০ লাখ টাকা, তবে তার যুক্তরাজ্যপ্রবাসী স্ত্রীর সম্পদ প্রায় ১০ কোটি ৬৫ লাখ টাকা।
সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর সম্পদের পরিমাণ ১৯ কোটি ৫৯ লাখ টাকা, তার স্ত্রীর সম্পদ ৮ কোটি ৪২ লাখ টাকা।
সিলেট-৫ আসনে দুইজন কোটিপতি প্রার্থী রয়েছেন-স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) মামুনুর রশিদ ও জমিয়তের মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
জামায়াতের ছয় প্রার্থীই ব্যবসায়ী
হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, সিলেটের ছয়টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সব প্রার্থীই পেশায় ব্যবসায়ী। উল্লেখযোগ্য বিষয় হলো-তাদের সকলের স্ত্রী গৃহিণী, কারও নামে উল্লেখযোগ্য আয় বা সম্পদ নেই।
জামায়াত প্রার্থীদের মধ্যে সিলেট-১: মাওলানা হাবিবুর রহমান-বার্ষিক আয় ২০ লাখ টাকা, সম্পদ ১ কোটি ৭৪ লাখ টাকা
সিলেট-২: মো. আব্দুল হান্নান-এম.কম ডিগ্রিধারী, সম্পদ প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা
সিলেট-৩: লোকমান আহমদ-কামিল পাশ, সম্পদ প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা, সর্বাধিক সম্পদের মালিক জামায়াত প্রার্থীদের মধ্যে
সিলেট-৪: মো. জয়নাল আবেদীন-এমএসএস ডিগ্রিধারী, সম্পদ ১ কোটি ২৯ লাখ টাকা
সিলেট-৫: হাফিজ মো. আনওয়ার হোসাইন খান-সম্পদ ২৪ লাখ টাকা
সিলেট-৬: মোহাম্মদ সেলিম উদ্দিন-এমএ ডিগ্রিধারী, সম্পদ ৫৫ লাখ টাকা
মামলা ও অন্যান্য তথ্য
জামায়াত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি মামলার তথ্য রয়েছে সিলেট-৬ আসনের মোহাম্মদ সেলিম উদ্দিনের বিরুদ্ধে-৪৩টি নিষ্পত্তিকৃত ও ১টি চলমান মামলা।
সিলেট জেলার নির্বাচনী মাঠে অর্থনৈতিকভাবে শক্তিশালী প্রার্থীদের উপস্থিতি ও আধিপত্য স্পষ্ট। বিপুল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও ভোটারদের কাছে এসব প্রার্থীর গ্রহণযোগ্যতা, রাজনৈতিক সততা ও জনস্বার্থে ভূমিকা কতটা কার্যকর হবে-তা নির্ধারিত হবে ভোটের ফলাফলের মাধ্যমেই।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




