ছবি:সংগৃহীত
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, প্রয়াত চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে মায়ের কাছে সন্তান যেমন নিরাপদ বোধ করে, তেমনি দেশের জনগণও নিজ নিজ ঘরে ও সমাজে নিরাপদ ও শান্তিতে বসবাস করতে পারবে। নাগরিকদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার।
শনিবার (১১ জানুয়ারি ২০২৬) গোয়াইনঘাট উপজেলার ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের ১নং থেকে ৯নং ওয়ার্ডে পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলগুলোতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
আরিফুল হক চৌধুরী বলেন, নতুন প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য ও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা বর্তমান প্রজন্ম ও রাজনীতিবিদদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তিনি আরও বলেন, যদি আমরা নিরাপদ ও শান্তিপূর্ণ রাষ্ট্র গড়ে তুলতে ব্যর্থ হই, তাহলে মহান আল্লাহর কাছে যেমন জবাবদিহি করতে হবে, তেমনি নতুন প্রজন্মের কাছেও আমাদের জবাব দিতে হবে।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর ও লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, সহ-সভাপতি অ্যাডভোকেট নুর আহমদ ও উসমান গণী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হুসেন আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহিম, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক এস এম শাহীন, লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




