ছবি:সংগৃহীত
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যার সুফল আজও দেশের মানুষ ভোগ করছে।
তিনি বলেন, শহীদ জিয়ার ঐতিহাসিক ১৯ দফার মধ্যে ১০ দফা ছিল ‘দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসাসেবার ব্যবস্থা নিশ্চিত করা’। স্বাধীনতার পরপরই অপুষ্টি, অতিরিক্ত জন্মহার, গুটি বসন্ত, ডায়রিয়া, কলেরা ও অন্যান্য জলবাহিত রোগে দেশের জনস্বাস্থ্য কাঠামো যখন বিপর্যস্ত, তখন তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়া এসব সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করেন।
খন্দকার মুক্তাদির আরও বলেন, ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফসহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং টিটেনাস টিকাদান কর্মসূচি জোরদার করা হয়, যা দেশের স্বাস্থ্যখাতে এক নতুন অধ্যায়ের সূচনা করে।
তিনি বলেন, আগামীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতকে আরও আধুনিক ও পরিকল্পিতভাবে উন্নয়নের লক্ষ্যে বিএনপি কাজ করবে।
রোববার (১১ জানুয়ারি) সিলেট নগরীর ১নং ওয়ার্ডে আয়োজিত ফ্রি ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্নার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নিহার রঞ্জন বাবু, যুক্তরাজ্য বিএনপি নেতা সেলিম হোসেন, আশরাফ গাজী, মুফতি কমর উদ্দিন ও অধ্যাপক শামসুর রহমান।
অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




