ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, যুবদল জাতীয়তাবাদী শক্তির অগ্রভাগের সংগঠন। বিশেষ করে চব্বিশের ফ্যাসিস্টবিরোধী গণঅভ্যুত্থানে যুবদল ছিল অন্যতম সহায়ক শক্তি। যুবদলের ত্যাগ, সংগ্রাম ও বিপ্লব কখনোই বৃথা যাবে না। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয়ই হবে যুবদলের পরিশ্রমের সর্বোচ্চ স্বীকৃতি।
শনিবার (১০ জানুয়ারি) রাতে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কার্যালয় উদ্বোধন শেষে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আমরা সবাই একটি কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছি। এটি জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই সময়ে কোনোভাবেই বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। সবাইকে ইস্পাতকঠিন দৃঢ়তায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
এদিকে গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামের বাসিন্দা, ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি পংকি মিয়া (৬৫)-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
রোববার (১১ জানুয়ারি) বাদ আসর স্থানীয় চন্দরপুর শাহী ঈদগাহে অনুষ্ঠিত পংকি মিয়ার জানাযার নামাজে অংশগ্রহণ করেন তিনি। জানাযাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আমরা সবাই মরণশীল। ভালো কাজ করে গেলে মানুষ আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকে। আমি সংসদে গিয়ে আপনাদের কথা বলার মাধ্যমে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




