ছবি:সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আবদুল মালিক (এম এ মালিক) বলেছেন, ব্যক্তি নয়-দল বড়, আর দলের চেয়েও বড় দেশ। দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলই হবে অগ্রসৈনিক এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রধান শক্তি।
রোববার (১১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় সিলেট-৩ সংসদীয় এলাকার ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদলসহ বিভিন্ন উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় খাজামহলে নিজ বাসভবনে এ কর্মশালার আয়োজন করা হয়।
এম এ মালিক বলেন, দীর্ঘদিন ধরে সবার সঙ্গে একসঙ্গে বসতে না পারায় তিনি দুঃখিত। তবে এখন থেকে ইনশাল্লাহ নেতাকর্মীদের সঙ্গে ওয়ান টু ওয়ান যোগাযোগ বজায় রাখবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, ‘ব্যক্তিগত সম্পর্ক থাকুক বা না থাকুক, আমি ছাত্রদল ও যুবদলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই কাজ করে যাব।’
নিজের রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। ১৯৭৫ সালের পর জাতীয় পর্যায়ের বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, যুব প্রতিমন্ত্রী আবুল কাসেম ও মরহুম হারিস চৌধুরীর নির্দেশনায় তিনি যুবসংস্থার সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচির কথা উল্লেখ করে এম এ মালিক বলেন, ছাত্রদলকে কেন্দ্র করেই শহীদ জিয়া ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলেছিলেন। তিনি হিজবুল বাহারে ছাত্র ও যুবকদের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতার কথাও স্মরণ করেন।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম নয়ন। প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন অলি উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটনসহ সিলেট মহানগর, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




