ছবি:সংগৃহীত
চলতি বিপিএলের অভিষেক আসরেই টানা ছয় ম্যাচ হেরে সবার আগে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে যায় নোয়াখালী এক্সপ্রেস। শুরুটা ছিল হতাশাজনক, ব্যর্থতার ভারে চেপে যাওয়া দলটি সাফল্যের কোনো ছাপই রাখতে পারেনি। তবে শেষ প্রান্তে এসে হঠাৎ করেই বদলে যেতে শুরু করেছে নোয়াখালীর গল্প।
রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম জয়ের পর এবার ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এই জয়ে কাগজে-কলমে হলেও প্লে-অফে ওঠার সম্ভাবনা টিকিয়ে রেখেছে দলটি। আট ম্যাচ শেষে চার পয়েন্ট পেলেও পয়েন্ট টেবিলের তলানিতেই রয়েছে নোয়াখালী।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৮৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস ১৮.২ ওভারে গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানে।
নোয়াখালীর এই জয়ের নায়ক ছিলেন আফগান তারকা মোহাম্মদ নবির ছেলে হাসান ইশাখিল। বিপিএলে অভিষেক ম্যাচেই ৬০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন তিনি। তাঁর ব্যাটিংয়েই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নোয়াখালী।
১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে ঢাকা ক্যাপিটালস। নোয়াখালীর বোলারদের ধারাবাহিক আঘাতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। হাসান মাহমুদ, ইহসানউল্লাহ, মেহেদী হাসান রানা ও মোহাম্মদ নবি প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন আবু জায়েদ রাহী, আর একটি উইকেট আসে রানআউটের মাধ্যমে।
ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন। মোহাম্মদ মিঠুন ৩৩ ও শামীম হোসেন মজুমদার করেন ২৯ রান। নাসির হোসেন ব্যাট হাতে খাতা খুলতে পারেননি।
এর আগে নোয়াখালীর ইনিংসে সৌম্য সরকার ৪৮ রান এবং মোহাম্মদ নবি ১৭ রান করে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
ব্যর্থতার মধ্যেও শেষদিকে লড়াইয়ের মনোভাব দেখিয়ে নোয়াখালী এক্সপ্রেস বুঝিয়ে দিল, অভিষেক আসরে ফলাফল অনুকূলে না থাকলেও সম্ভাবনার ঘাটতি তাদের নেই।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




