বিগত ১৭ বছরে এ অঞ্চলের মানুষের প্রতি চরম অবি*চার করা হয়েছে- আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৪৪ PM

সিলেট-৪ আসন

বিগত ১৭ বছরে এ অঞ্চলের মানুষের প্রতি চরম অবি*চার করা হয়েছে- আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০১/২০২৬ ০৭:২২:২০ PM

বিগত ১৭ বছরে এ অঞ্চলের মানুষের প্রতি  চরম অবি*চার করা হয়েছে-  আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, প্রয়াত চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, গোয়াইনঘাট উপজেলা যেন আজ এক যুদ্ধবিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে। বিগত ১৭ বছরে এ অঞ্চলের মানুষের প্রতি যে চরম অবিচার করা হয়েছে, তা জাতির সামনে তুলে ধরতে হবে।

তিনি বলেন, উন্নয়নের নামে লুটপাটকারী, ফ্যাসিবাদী ও বাকশালী মুখোশধারীদের প্রকৃত চেহারা জনগণের কাছে প্রকাশ করতে হবে। গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের কোথাও নেই ভালো রাস্তাঘাট, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আধুনিক চিকিৎসাসেবা। চারদিকে শুধু বেহাল অবস্থা।

সোমবার (১২ জানুয়ারি ২০২৬) গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ১নং থেকে ৯নং ওয়ার্ডে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আয়োজিত দিনব্যাপী পৃথক দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ, মাটি ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও ফ্যাসিবাদীদের কাছে মাথা নত করেননি।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের উত্তরসূরি হিসেবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। ইনশাআল্লাহ, আগামী এক বছরের মধ্যেই এই অঞ্চলে পরিবর্তনের দৃশ্য জনগণ নিজ চোখে দেখতে পাবে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, সহ-সভাপতি উসমান গণী, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজান সিদ্দিকী, জমিয়তে উলামা ইসলাম গোয়াইনঘাট উপজেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ