ছবি:সংগৃহীত
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ও আপসহীন নেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। তবে তাঁর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সোমবার (১২ জানুয়ারি) সিলেট সিটি করপোরেশনের শাহজালাল উপশহর একাডেমিতে ২২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রাম ও সংকটময় সময়ে জিয়া পরিবারের অবদান ইতিহাসে অবিস্মরণীয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত নিরলসভাবে কাজ করে গেছেন।
তিনি বলেন, সেই ধারাবাহিকতায় বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়নে তারেক রহমান যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে নেতাকর্মীদের সর্বাত্মকভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিপি বদরুল আহমদ চৌধুরী, মঞ্জুর আহমদ চৌধুরী, আব্দুল মালেক, এডভোকেট জোবের আহমদ খান, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এডভোকেট জাফর ইকবাল তারেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা, আহতদের সুস্থতা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপশহর বায়তুল নাজাত মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আসাদ বিন সিরাজ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




