ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ইস্পাতকঠিন ঐক্যের শিক্ষা দিয়ে গেছেন। ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়ে দলে অনৈক্য সৃষ্টি হলে তাঁর আত্মা নিশ্চয়ই কষ্ট পাবে।
তিনি বলেন, ‘আমার আগে আমরা, আমাদের আগে ধানের শীষ’-এই নীতিতে বিশ্বাস রেখে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। ধানের শীষ বিজয়ী হলেই একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে।
রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এবং ঢাকাদক্ষিণ সরকারি কলেজের সাবেক ভিপি কামরান উদ্দিন বাদলের সার্বিক ব্যবস্থাপনায় তাঁর বাড়িতে বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামনায় আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট মুরুব্বি আবুল কালাম চৌধুরী ও কামরান উদ্দিন বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, মহি সুন্নাহ চৌধুরী নারজিস, বর্তমান উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, গ্রেইটার গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন ইউএসএ নিউজার্সির উপদেষ্টা মোহাম্মদ কামাল, নিউজার্সি স্টেট বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম এবং যুক্তরাষ্ট্র প্রবাসী সাহেল আহমদ।
এছাড়া গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সায়াদ আহমদ, সহ-মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আল নবী চৌধুরী শিপন, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মসরুম রাসেল, সহ-মৎস্যবিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি সুহেব আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি তারেক আহমদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির কর্ণধার তারেক রহমানের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




