সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি)। এই ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন গড়ে ৫৩ জন ভর্তিচ্ছু।
এ তথ্য জানিয়েছেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আহমেদ কবির চৌধুরী। তিনি বলেন, ‘এ’ ইউনিটে মোট ৯৮৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫২ হাজার ৮২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ-১’ (বিজ্ঞান) ইউনিটে রয়েছে ৯৫৫টি আসন এবং ‘এ-২’ (বিজ্ঞান ও আর্কিটেকচার) ইউনিটে রয়েছে ৩০টি আসন।
তিনি আরও জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা ও সিলেটের মোট ১৮টি কেন্দ্রে ‘এ-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর শাবিপ্রবি ক্যাম্পাসে ‘এ-২’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
‘এ-১’ ইউনিটে ঢাকার কেন্দ্রগুলোতে পরীক্ষা দেবেন ৪৩ হাজার ২৩৭ জন এবং সিলেটের কেন্দ্রগুলোতে অংশ নেবেন ৯ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী। ‘এ’ ইউনিটের আওতায় রয়েছে কৃষি ও খনিজ বিজ্ঞান অনুষদ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, জীববিজ্ঞান অনুষদ এবং ভৌত বিজ্ঞান অনুষদ।
ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হলো- নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, রায়হান স্কুল অ্যান্ড কলেজ এবং মগবাজার গার্লস হাইস্কুল।
অন্যদিকে, সিলেটে শাবিপ্রবি ক্যাম্পাসসহ আরও চারটি কেন্দ্রে পরীক্ষা হবে। সেগুলো হলো- পাঠানটুলা জামেয়া স্কুল এন্ড কলেজ, মিরাবাজার জামেয়া স্কুল এন্ড কলেজ, অগ্রগামী গার্লস হাইস্কুল এবং আম্বরখানা গার্লস হাইস্কুল।
জৈন্তা বার্তা/আরআর




