ছবি:সংগৃহীত
সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ধানের শীষ প্রতীকের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন লাক্কাতুরা চা বাগানের শ্রমিকরা। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় লাক্কাতুরা চা বাগানে আয়োজিত এক বিশাল জনসভায় শতশত চা শ্রমিক একযোগে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
চা শ্রমিকরা বলেন, মহান মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধ হয়েছেন। একইসঙ্গে সিলেট-০১ আসনের সকল নাগরিককে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রতিটি চা বাগানে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, “আমি এমন একটি ভবিষ্যৎ দেখতে চাই, যেখানে চা শ্রমিকদের সন্তানরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অন্যান্য সেক্টরে সম্মানের সঙ্গে কাজ করবে।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বাগান এলাকায় কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসাসেবার সমস্যা সমাধান করা হবে। বাগানের রাস্তাঘাটের বেহাল দশার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে এসব সড়কের উন্নয়ন নিশ্চিত করা হবে।
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট আদায় করতে চান না উল্লেখ করে খন্দকার মুক্তাদির বলেন, চা শ্রমিকদের বর্তমান মজুরি অত্যন্ত কম। তবে বাগানের আয় বাড়ানোর জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করা হলে মালিক পক্ষের পক্ষে শ্রমিকদের বেতন বাড়ানো সম্ভব হবে। বিএনপি সরকার গঠন করলে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম, শহীদ আহমদ চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জিএম বাপ্পি, বাগানের মেম্বার রাম বাহাদুর ও সাবেক মেম্বার রন বাহাদুর প্রমুখ।
গণসংযোগ ও উঠান বৈঠকে গণজোয়ারের কথা তুলে ধরলেন খন্দকার মুক্তাদির
সিলেট-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেদিকেই তিনি যাচ্ছেন, সেদিকেই মানুষের ঢল নামছে। সাধারণ মানুষ তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের চারুগাঁও এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কমিউনিটি ক্লিনিক, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসাসেবা নিশ্চিতকরণসহ প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি সেক্টরে উন্নয়নের বড় পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। স্কুল শিক্ষার্থীদের জন্য টিফিন কর্মসূচির কথাও তুলে ধরে তিনি বলেন, অপুষ্টি দূর না হলে মেধার সঠিক বিকাশ সম্ভব নয়।
কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, সরকারি সহায়তায় সিলেটে শিল্প-কারখানা গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব সমস্যা সমাধান করা হবে। বিএনপি সরকারের আমলে পরিচালিত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আবারো ক্ষমতায় এলে পরিকল্পনামাফিক দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পরপরই ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে প্রথম ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
আফাজ উদ্দিনের সভাপতিত্বে এবং জুম্মান আহমদ ও কাশেম আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান শামিম, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ।
দুপুরে তিনি সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মেদেনীমহল, দর্শা, বাছিরপুর, সুজাতপুর ও মীরেরগাঁও এলাকায় প্রচার মিছিল ও গণসংযোগে অংশ নেন। এসময় সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, স্থানীয় মুরব্বী আজম আলী মেম্বার, মাসুক মিয়া, আব্দুস সালাম, আবদুল করিম, বাদশা আহমদ ও ওয়ারিছ আলী উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার রাতে দক্ষিণ সুরমার হবিনিন্দ, কায়েস্থরাইল, মুছারগাঁও, বারোখলা, দাউদপুর ও চৌমুহনী এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নেন খন্দকার মুক্তাদির।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




