ছবি : সংগৃহীত
সরকারের প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে। সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই কোনোভাবেই সিলেটে এসব কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আমরা একটি নিরাপদ সিলেট চাই।
শনিবার (৭ মার্চ) সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হোলি উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, হোলি উৎসব মণিপুরী সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব। মণিপুরী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।
আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংঘাতের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাই প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে। প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন, তাদের বিষয়ে খবর পাওয়ামাত্র সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়মিত এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে হোলি উৎসব অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ।
বিশেষ অতিথির বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ভারতের মণিপুরের স্টেট কলা একাডেমির ইলাংবাম জয়ন্ত সিংহ, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য এবং ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া।
জৈন্তা বার্তা/আরআর




