সিলেট স্পোর্টস গ্রাউন্ড এসোসিয়েশনের আত্মপ্রকাশ, গঠিত হলো আহ্বায়ক কমিটি
বুধবার, ২০ মে ২০২৬, ০৮:১৫ PM

সিলেট স্পোর্টস গ্রাউন্ড এসোসিয়েশনের আত্মপ্রকাশ, গঠিত হলো আহ্বায়ক কমিটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৩/২০২৬ ০৩:০৭:৩২ AM

সিলেট স্পোর্টস গ্রাউন্ড এসোসিয়েশনের আত্মপ্রকাশ, গঠিত হলো আহ্বায়ক কমিটি

সংগৃহিত


সিলেট বিভাগের ইনডোর ও আউটডোর প্লে-গ্রাউন্ড সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সম্মিলিত উদ্যোগে সিলেট স্পোর্টস গ্রাউন্ড এসোসিয়েশন (Sylhet Sports Ground Association–SGA) এর আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে শনিবার নগরীর নাইওরপুল পয়েন্টে অবস্থিত Hotel Paradise Inn-এ এক প্রীতিময় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যোক্তা মো. লাহিন উদ্দিন এবং সঞ্চালনা করেন উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবু তাহের মো. জুবায়ের। এতে সিলেট মহানগরসহ সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন ইনডোর ও আউটডোর প্লে-গ্রাউন্ডের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে অনুষ্ঠিত মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং এই খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে মতবিনিময় করেন। আলোচনায় উদ্যোক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে একটি সংগঠিত প্ল্যাটফর্ম অত্যন্ত জরুরি।

পরে উপস্থিত সকল উদ্যোক্তার সর্বসম্মত সিদ্ধান্তে এই খাতের উদ্যোক্তা ও ভোক্তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে একটি এসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হয়। এ সময় আগামী ১৮০ দিনের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জুনেদ আহমদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আবু তাহের মো. জুবায়ের।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

যুগ্ম আহ্বায়ক: মো. লাহিন উদ্দিন (Sports Heaven)

যুগ্ম সদস্য সচিব: ইসমাইল মাহবুব ইমন (Soccer, Shibgonj)

কোষাধ্যক্ষ: নাজমুস সাকিব চৌধুরী (Nobab Grassland)

কার্যনির্বাহী সদস্য: ইমরান আজাদ (Dribbling & Big Six), তারেক আহমেদ চৌধুরী (Soccer Zone), একরাম ফয়েজ (Crossbar & Cross Bridge) এবং সুলতান আহমেদ তায়েফ (Goalden Goal)।

উপস্থিত উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রণয়নের মাধ্যমে সিলেটের ইনডোর ও আউটডোর প্লে-গ্রাউন্ড খাতকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ