সংগৃহিত
সিলেট নগরের মজুমদারি এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
রবিবার (৮ মার্চ) রাত প্রায় পৌনে ৯টার দিকে মজুমদারি এলাকার একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সিলেট ফায়ার সার্ভিসের তালতলা কন্ট্রোল রুম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কন্ট্রোল রুম জানায়, সিনিয়র স্টেশন ম্যানেজার কুতুব উদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানানো যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে পুরো মজুমদারি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেককে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। তবে স্থানীয় একদল তরুণ স্বেচ্ছাসেবক ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




