ছবি:সংগৃহীত
সিলেটের বিশ্বনাথ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদক ও একাধিক মামলার পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার দেওকলস ইউনিয়নে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ওসমানীনগর উপজেলার চর ইসবপুর গ্রামের মৃত ইর্শাদ উল্লাহর ছেলে মো. সুহেল মিয়া (৪৮)। তাকে দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রাম থেকে আটক করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।
এদিকে আরেক অভিযানে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আসমান আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার ছত্রিশ (রমজানপুর) গ্রামের রইছ আলীর ছেলে। তার বিরুদ্ধে দস্যুতা, ডাকাতির প্রস্তুতি ও চুরিসহ মোট ৬টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনকে বুধবার (১১ মার্চ) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




