শ্রমিকদের বেতন-বোনাস কমপ্লিট করেছি: সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী
বুধবার, ২০ মে ২০২৬, ১২:১৬ PM

শ্রমিকদের বেতন-বোনাস কমপ্লিট করেছি: সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০৩/২০২৬ ০২:৫৬:৩৬ PM

শ্রমিকদের বেতন-বোনাস কমপ্লিট করেছি: সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী

ছবি : সংগৃহীত


শ্রম, কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা করা হয়েছে। তাই অন্যান্য সকল বছরের তুলনায় এবার শ্রমিকরা তাদের বেতন-ভাতা ঈদের আগেই পেয়েছেন। শ্রমিকদের কেবল বেতন নয়, বোনাসটা পর্যন্ত কমপ্লিট করেছি। এটি সম্ভব হয়েছে সরকারের সদিচ্ছার কারণে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, এবার নির্বাচিত জনপ্রতিনিধিরাও শ্রমিকদের পাশে ছিলেন। তাই বাংলাদেশে প্রথমবারের মতো ঈদের আগে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। বিগত সময়ে দেশের যে সকল কলকারখানা বন্ধ হয়েছিল, সেগুলো পুনরায় চালু করতে ঈদের পর থেকেই কাজ শুরু করবে সরকার।

মন্ত্রী বলেন, শুধু দেশের শ্রমিকরাই নয় বরং বিদেশে অবস্থারত সকল বাংলাদেশি শ্রমিকদের জন্যও কাজ করছে সরকার। এর জন্য মধ্যপ্রাচ্যে অস্থিরতার সময়ের শুরু থেকেই সরকার প্রবাসীদের কল্যাণে সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছে।

তিনি বলেন, সরকার, প্রশাসন, পরিবহন শ্রমিক ও মালিক সবার আন্তরিক সহযোগিতা থাকার জন্যই এবার মানুষ স্বস্তিতে বাড়িতে ফিরতে পারছেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সুযোগে কিছু দুষ্কৃতকারী বাংলাদেশি হয়েও প্রবাসীদের জিম্মি করে দেশে স্বজনদের কাছে ফোন করিয়ে টাকা চাচ্ছে। আমরা এদের শেকড় বের করেছি। প্রবাসীদের পরিবারকেও এ ব্যাপারে সতর্ক করা হচ্ছে।

মন্ত্রী বলেন, বন্ধ শ্রমবাজার খোলার পাশাপাশি শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতেও কাজ করছি। আগামী মাসেই বিদেশ গমনেচ্ছু শ্রমিকদের ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হবে। চাহিদা অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করবে সরকার, যাতে ঝামেলা না হয়।

তিনি বলেন, অনেক লোক দালালদের মাধ্যমে বিপদগ্রস্ত হয়। এদেরকে কীভাবে নিবৃত্ত করা যায় সে ব্যাপারেও পদক্ষেপ নিচ্ছে সরকার।

ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শনকালে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর