ছবি:সংগৃহীত
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর দ্বারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ‘ঈদ মোবারক’ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদ জামাতে অংশ নেবেন। আর এই উৎসবের অন্যতম প্রধান অনুষঙ্গ হচ্ছে জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায়।
বরাবরের মতো এবারও সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঈদগাহ কর্তৃপক্ষ।
এ জামাতে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নেবেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদেরও শাহী ঈদগাহে নামাজ আদায়ের কথা রয়েছে।
এছাড়া হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের তিনটি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায়।
অন্যদিকে, হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। একই সময়ে সিলেট আলিয়া মাদরাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে আরও একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ঈদকে ঘিরে নগরজুড়ে ইতোমধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন স্থানে ঈদ জামাতের প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




