ছবি:সংগৃহীত
সিলেটের মেয়েদের বৃহৎ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড সুপার উইমেনের উদ্যোগে এবং ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সহযোগিতায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যতিক্রমধর্মী ‘রঙের বন্ধন’ মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ২টা থেকে শুরু হওয়া এ আয়োজনে পথশিশু, ছিন্নমূল শিশু, পথচারী বাচ্চা এবং নারীদের হাতে মেহেদী পরিয়ে দেওয়া হয়। ‘রঙের বন্ধন’ প্রকল্পের মাধ্যমে শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মাওলানা মো. ছালিম আহমদ খান, উপদেষ্টা প্রশান্ত লিটন, উৎফল বড়ুয়া, সেলু বড়ুয়া এবং সাধারণ সম্পাদক হাফিজ আবিদ হোসেন খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনাইটেড সুপার উইমেনের কো-অর্ডিনেটর সামিহা আক্তার তাহসিন, সাবেক সভাপতি মরিয়ম কামাল মনি, কো-অর্ডিনেটর সুমাইয়া বাহার শিমু, সদস্য সাদিয়া ফেরদৌসী আঁখি, সানজিদা ফেরদৌস, ফজিলাতুন্নেছা ইনা, শুভা আক্তার, আফছানা আক্তার, জান্নাতুল ফেরদৌস, ফাহমিদা উর্মি, আমিনা কামাল ছনি, সুলতানা বেগম, সেতু বড়ুয়া প্রমুখ।
কো-অর্ডিনেটর সামিহা আক্তার তাহসিন বলেন, ‘রঙের বন্ধন’ শুধু একটি উৎসব নয়, এটি ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার প্রতীক। সমাজের ছিন্নমূল ও পথশিশুরাও আমাদেরই অংশ। তাদের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দে শামিল করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, নারীদের একটি সংগঠন হিসেবে তারা চান সমাজের প্রতিটি অসহায় শিশু ও মেয়ে ভালোবাসা ও সম্মানের সঙ্গে বেঁচে থাকুক। এই ছোট্ট উদ্যোগ তাদের জীবনে আনন্দের রঙ ছড়িয়ে দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অন্যান্য বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোই মানবিকতার প্রকৃত পরিচয়। ‘রঙের বন্ধন’-এর মতো উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




