ছবি:সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা ঈদের দিন নিজ এলাকায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
আগামী শনিবার, ঈদের দিন, বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্বনাথ পৌর এলাকার রামধানা গ্রামে তাঁর নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া। তারা জানান, তাহসিনা রুশদীর লুনা এবার ঈদ নিজ পরিবারের সঙ্গে নিজ বাড়িতে উদযাপন করবেন। পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে সরাসরি মিলিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।
ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তাহসিনা রুশদীর লুনা দেশ-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। তাঁর পাঠানো বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর ত্যাগ, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর এ উৎসব পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।
তিনি বলেন, ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়াই সবার প্রত্যাশা। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ অনুভব করা সম্ভব।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বনাথ ও ওসমানীনগরের সার্বিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি, খাল খনন এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এছাড়া আরও বহু উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জাতি সবসময় তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
পরিশেষে তাহসিনা রুশদীর লুনা মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে সবাইকে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখরভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




