ধর্মীয় ভাবগাম্ভীর্যে সিলেটে পালিত হলো পবিত্র জুমাতুল বিদা
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৩ AM

ধর্মীয় ভাবগাম্ভীর্যে সিলেটে পালিত হলো পবিত্র জুমাতুল বিদা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৬ ০৫:২০:৩৫ PM

ধর্মীয় ভাবগাম্ভীর্যে সিলেটে পালিত হলো পবিত্র জুমাতুল বিদা

ছবি:সংগৃহীত


দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা। শুক্রবার ছিল মাহে রমজানের শেষ দিন ও শেষ জুমা। এ উপলক্ষে নগরীসহ জেলার বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি জুমার নামাজ আদায় করেন। রমজানের শেষ জুমা হওয়ায় অনেক মসজিদে ধারণক্ষমতার বাইরে মুসল্লিদের উপস্থিতি দেখা যায়। ফলে অনেকে মসজিদের বারান্দা, চত্বর ও আশপাশের সড়কে নামাজে অংশ নেন।

জুমার নামাজের আগে খতিব ও আলেমরা খুতবায় জুমাতুল বিদার ফজিলত, মাহে রমজানের তাৎপর্য এবং তাকওয়া অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তারা রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে কাজে লাগানোর আহ্বান জানান।

নামাজ শেষে সিলেটের মসজিদগুলোতে দেশ-জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা গুনাহ মাফ, মাতা-পিতা ও মরহুম আত্মীয়স্বজনের রুহের মাগফিরাত, অসুস্থদের সুস্থতা এবং সবার জন্য কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ