ছবি:সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত পাথর ও বালু জব্দ করা হয়েছে। এ সময় পাথর পরিবহনে ব্যবহৃত ৪১টি মাহিন্দ্রা ট্রাক্টর আটক করা হয়। পাশাপাশি অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত মধ্যরাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ, উপজেলা প্রশাসন, বিজিবি ও আনসারের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের খবর পাওয়া যায়। এরপর কালাসাদেক বিওপির নেতৃত্বে কালাইরাগ, নোয়াকোট ও লবিয়া বিওপির সমন্বয়ে একাধিক বিশেষ দল গঠন করে অভিযান চালানো হয়।
অভিযানের প্রথম ধাপে ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন এবং পরিবহনে ব্যবহৃত ৪১টি মাহিন্দ্রা ট্রাক্টর, প্রায় ৭ হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়।
পরে কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে আরও একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জব্দ করা ট্রাক্টর এবং আটক আসামিদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার এবং ৪৮ বিজিবির টিওআইসি মেজর নুরুল হুদা অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




