রাত পোহালেই ঈদ, কোথায় কখন ঈদের জামাত
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৩ AM

রাত পোহালেই ঈদ, কোথায় কখন ঈদের জামাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৬ ১২:৩৩:৫৯ AM

রাত পোহালেই ঈদ, কোথায় কখন ঈদের জামাত

ছবি:সংগৃহীত


দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ আর আত্মিক প্রশান্তির বার্তা নিয়ে আবারও উপস্থিত পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখার পরই ঈদের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন মুসলিম উম্মাহ। রাত পোহালেই ধর্মপ্রাণ মানুষরা নতুন পোশাকে সজ্জিত হয়ে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে উদযাপন করবেন এ মহোৎসব।

ঈদের দিন সকালে নামাজ শেষে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় আর আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে ছড়িয়ে পড়বে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য বার্তা। পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে মিলিত হয়ে উদযাপিত হবে বছরের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব।

ঈদের জামাত কোথায় কখন

বরাবরের মতো এবারও সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঈদগাহ কর্তৃপক্ষ।

এ জামাতে অংশ নেবেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের মানুষ। এর মধ্যে রয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়া হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। অপরদিকে হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় বলে জানিয়েছে সিলেট মহানগর ইমাম সমিতি।

নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি পৃথক জামাত অনুষ্ঠিত হবে-সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়।

এদিকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

ঈদকে কেন্দ্র করে নগরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন নগরবাসী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ