ছবি : সংগৃহীত
সিলেট মহানগরীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। শনিবার সকাল সাড়ে ৮টায় শুরু হয় এই ঈদের জামাত।
প্রতিবারের মতো এবারের ঈদেও শাহী ঈদগাহে মুসল্লিদের ঢল নেমেছিল। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ময়দানে জায়গা না পেয়ে হাজারও মানুষ নামাজ আদায় করেছেন আশপাশের সড়কে।
শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন শিল্প, বাণিজ্য ও বস্ত্রমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম। এছাড়া বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে নামাজ আদায় করেন।
এদিকে, হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় ও হযরত শাহপরাণ (রহ.) দরগাহ মসজিদে সকাল ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।
সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।
জৈন্তা বার্তা/আরআর




