ঈদের ছুটিতে বাঁধনহারা সিলেট
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৩ AM

ঈদের ছুটিতে বাঁধনহারা সিলেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৬ ০৯:৪৪:১২ PM

ঈদের ছুটিতে বাঁধনহারা সিলেট

ছবি:সংগৃহীত


পবিত্র ঈদুল ফিতরের দিনে মাধবকুণ্ডের জলধারা, জাফলংয়ের পাহাড়-নদী আর সাদাপাথরের স্বচ্ছ স্রোতকে ঘিরে সিলেটে নেমেছে পর্যটকদের ঢল। পাথর, ঝরনা, পাহাড়, টিলা আর দিগন্তজোড়া চা-বাগানের সবুজ চাদরে মোড়ানো এই জনপদ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ভ্রমণপিপাসুদের পদচারণায়।

শীতল, নির্মল প্রকৃতির লীলাভূমি সিলেটে এসে পর্যটকরা মুগ্ধ হচ্ছেন, প্রেমে পড়ছেন সবুজে ঘেরা অপার সৌন্দর্যে। ‘দুটি পাতা একটি কুঁড়ি’র দেশ হিসেবে পরিচিত সিলেট এখন যেন এক বিশাল সবুজ চারণভূমি-প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে যার প্রতিটি রূপ।

ঈদের দিন (শনিবার) সিলেটের লাক্কাতুরা চা-বাগানসহ আশপাশের পর্যটন স্পটগুলোতে ছিল উপচেপড়া ভিড়। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই পর্যটকরা ছুটে যান তারাপুর, লাক্কাতুরা, মালনীছড়াসহ বিভিন্ন চা-বাগানে।

জানা গেছে, ঈদের আগেই পর্যটকদের আগ্রহে সিলেটের হোটেল-মোটেলগুলোতে অগ্রিম বুকিং সম্পন্ন হয়ে যায়। অনেকে ঈদের পরবর্তী কয়েকদিনের জন্যও কক্ষ সংরক্ষণ করে রেখেছেন, যা পর্যটন নগরী হিসেবে সিলেটের জনপ্রিয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে।

বিশেষ করে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলা। এখানে রয়েছে প্রকৃতিকন্যা জাফলং, পিয়াইন নদীর স্বচ্ছ জল, সাদা পাথরে মোড়া সাদাপাথর, পান্তুমাই ঝর্ণা, লক্ষণছড়া, বিছনাকান্দি এবং দেশের একমাত্র মিঠাপানির সোয়াম্প ফরেস্ট রাতারগুল। পাশাপাশি মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতও টানছে দর্শনার্থীদের।

ঈদের দিন থেকেই এসব পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে লোকে লোকারণ্য। জাফলংয়ের পাহাড়ঘেরা দিগন্ত, পিয়াইনের স্বচ্ছ জলরাশি আর নুড়িপাথরের অপরূপ দৃশ্য পর্যটকদের মুগ্ধ করছে। অন্যদিকে সাদাপাথরের বিস্তীর্ণ সাদা প্রান্তর আর ঠান্ডা পানির স্রোত এনে দিচ্ছে ভিন্ন এক প্রশান্তি। আর মাধবকুণ্ডের গর্জনধ্বনির জলপ্রপাত যেন প্রকৃতির আরেক বিস্ময়, যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

পর্যটকরা জানান, সিলেটের পরিবেশ-প্রকৃতি ও রূপ-লাবণ্যতা প্রতিনিয়ত মানুষকে টানে। তবে পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে অবকাঠামোগত উন্নয়ন জরুরি। দ্রুত সড়ক সংস্কার এবং আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

এদিকে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন নিয়েছে ব্যাপক প্রস্তুতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, সিলেট জেলা পুলিশের উদ্যোগে সব পর্যটনকেন্দ্র ও জনসমাগমস্থল চিহ্নিত করে ট্যুরিস্ট পুলিশের সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করছে।

সব মিলিয়ে, ঈদের ছুটিতে সিলেট এখন ভ্রমণপ্রেমীদের এক বিশাল মিলনমেলা-যেখানে মাধবকুণ্ডের ঝরনা, জাফলংয়ের পিয়াইন নদী, চা বাগান, পাহাড় আর সাদাপাথরের স্বচ্ছতায় মানুষ খুঁজে নিচ্ছে নির্মল আনন্দের এক অনন্য ঠিকানা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ