সরকার প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করছে - মন্ত্রী খন্দকার মুক্তাদির
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৫ AM

সরকার প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করছে - মন্ত্রী খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৬ ১০:০৬:৫৪ PM

সরকার প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করছে - মন্ত্রী খন্দকার  মুক্তাদির

ছবি:সংগৃহীত


সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। নামাজ শেষে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত জেলার প্রধান ঈদ জামাতে অংশ নেন তিনি। পরে নগরীর তোপখানাস্থ নিজ বাসভবনে নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

কুশল বিনিময়কালে মন্ত্রী বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করছে। দেশকে উন্নয়নের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘জনগণ আকাশসম প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই প্রত্যাশা পূরণে সরকার দিনরাত কাজ করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার, এবং আমরা তা মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সক্ষম হয়েছি।’

ঈদ জামাতে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঈদের এই জমায়েতকে ঘিরে শাহী ঈদগাহ ময়দানে ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি মিলনমেলায় পরিণত হয় পুরো প্রাঙ্গণ।

শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে কুশল বিনিময়—