ছবি:সংগৃহীত
সিলেটের বিশ্বনাথ থেকে হেলিকপ্টারযোগে গাইবান্ধার সাদুল্যাপুরে বিয়ে করতে গিয়ে সেখানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এক প্রবাসী বর। এ সময় হেলিকপ্টারটি এক নজর দেখতে শিশু, নারী ও পুরুষসহ উৎসুক জনতার ভিড় জমে যায়। অনেকে মুঠোফোনে ভিডিও ধারণ করেন, আবার কেউ কেউ সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
বর ইউসুফ আলী (৩০) সিলেটের বিশ্বনাথ উপজেলার পাকিচিরি গ্রামের বাসিন্দা এবং ইসমাইল আলীর ছেলে। তিনি পেশায় কাতারপ্রবাসী ব্যবসায়ী। কনে আবদিয়া আক্তার (২২) গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের নুরে আলমের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে ইউসুফ আলী সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের একটি রাইস মিলের চাতালে হেলিকপ্টারে অবতরণ করেন। সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে কনের বাড়িতে মাইক্রোবাসে করে যান তিনি। পরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিকেলেই নববধূকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারযোগে সিলেটের উদ্দেশে রওনা দেন।
বরের স্বজনরা জানান, ছোটবেলা থেকেই ইউসুফ আলীর স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়ার। অবশেষে সেই স্বপ্নই বাস্তবে রূপ নিয়েছে।
কনের বাবা নুরে আলম জানান, হেলিকপ্টারে করে বর আগমন এবং মেয়ের একইভাবে শ্বশুরবাড়িতে যাত্রা-সব মিলিয়ে এটি তাদের জন্য আনন্দের এবং স্মরণীয় একটি মুহূর্ত। তিনি নবদম্পতির জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




