ছবি:সংগৃহীত
বিশ্ব বাণিজ্য সংস্থার World Trade Organization (ডব্লিউটিও) ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্স (এমসি-১৪) আগামী ২৬ থেকে ২৯ মার্চ ক্যামেরুন-এর রাজধানী ইয়াউন্দে-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সম্মেলনে অংশ নিতে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার উদ্দেশ্যে ক্যামেরুনে রওনা হচ্ছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রতিনিধিদলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আগামী ১ এপ্রিল প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীরা অংশ নিয়ে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা শক্তিশালীকরণ, বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ডব্লিউটিওর ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করবেন।
বাংলাদেশ বিশেষভাবে স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাণিজ্য সুবিধা, ডিউটি-ফ্রি ও কোটা-ফ্রি বাজার প্রবেশাধিকার, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো তুলে ধরবে।
সম্মেলনের বিভিন্ন সেশন ও পার্শ্ব বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ডব্লিউটিওর মিনিস্ট্রিয়াল কনফারেন্স সংস্থাটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম, যেখানে সদস্য দেশগুলো বৈশ্বিক বাণিজ্য নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এবারের সম্মেলনে ১৬৬টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুস মাগলোয়ার ম্বারগা আটাঙ্গানা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




