ছবি:সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেই দেশ পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, ধর্ম যার যার-দেশ সবার। সুখ-দুঃখে একে অন্যের পাশে দাঁড়ানোই মানবিকতার পরিচয়।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের শিববাড়ী পৈত্যপাড়াস্থ শ্রীশ্রী রক্ষাকালীবাড়ী মন্দিরে বাৎসরিক কালীপূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের বন্ধনে বসবাস করেন। এই ঐতিহ্য ধরে রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলো যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয়, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং সবাই মিলে তা বাস্তবায়নে কাজ করছেন।
শ্রীশ্রী রক্ষাকালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুমন কর্মকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সঞ্জীব দত্তের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, সাধারণ সম্পাদক চন্দন দাশ এবং জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্তবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




