ছবি:সংগৃহীত
জনস্বার্থে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) মোটরসাইকেলে তেল সংগ্রহের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তাবলী বাধ্যতামূলক করেছে।
এসএমপি হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরসাইকেল চালকের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ব্যবহৃত মোটরসাইকেলটি রেজিস্ট্রেশনকৃত হতে হবে। এছাড়া চালক ও আরোহী উভয়েরই স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, এসব শর্ত পূরণ না হলে যেন কোনোভাবেই মোটরসাইকেলে তেল সরবরাহ করা না হয়। একই সঙ্গে আইন অমান্যকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা হ্রাস, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই নির্দেশনা জারি করা হয়েছে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছে এসএমপি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




