ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় স্বাধীনতা দিবস পালন
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৪৮ AM

ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় স্বাধীনতা দিবস পালন

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৬ ০৬:১৪:১২ PM

ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় স্বাধীনতা দিবস পালন

সংগৃহীত


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের স্মরণ ও স্বাধীনতার তাৎপর্য তুলে ধরা হয়।

২৬ মার্চ ২০২৬ইং, বৃহস্পতিবার, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল থেকে উপজেলা মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দেশাত্মবোধক পরিবেশনায় মনোমুগ্ধকর প্রদর্শনী উপস্থাপন করে। কুচকাওয়াজে বিভিন্ন স্কুল-কলেজ, স্কাউট, গার্লস গাইড ও আনসার ভিডিপি সদস্যরা শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাজিব দাস পুরকায়স্থ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম ভূইয়া, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সহ-সভাপতি শরীফ আহমদ চৌধুরী ও শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। তাদের অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, স্বাধীনতার এই মহান অর্জন ধরে রাখতে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।

এছাড়া বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিনব্যাপী এসব আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ, ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।পুরো আয়োজন সফলভাবে বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসের সিএগণসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক দায়িত্ব পালন করেন।

জৈন্তাবার্তা/সুলতানা