সংকটময় সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন: এমপি এমরান চৌধুরী
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৪৭ AM

সংকটময় সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন: এমপি এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৩/২০২৬ ০৯:১৮:৩৫ PM

সংকটময় সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন: এমপি এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর দেশবাসী নতুন আঙ্গিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের সুযোগ পেয়েছে। জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। গত ১৭ বছরে ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়েছে এবং এখনও কিছু অপশক্তি বিভিন্নভাবে তা অব্যাহত রেখেছে। তবে দেশের মানুষ এসব অপচেষ্টা সম্পর্কে সচেতন এবং সাম্প্রতিক নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করেছে।

এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার প্রেক্ষাপটে সংকটময় সময়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি, বরং সম্মুখসারিতে থেকে যুদ্ধ পরিচালনা করেছেন। তার আদর্শ অনুসরণ করে তারেক রহমান দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী কমান্ডার, সাবেক কমান্ডার শফিকুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট আবু তাহের, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হিরন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুনায়েদ কবির, কৃষি কর্মকর্তা মাশরাফুল ইসলাম এবং মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম।

এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এ রিপন, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মনসুর আহমদ এবং ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া সাহজাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথি এমপি এমরান আহমদ চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি প্রায় ২০০ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদেরও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ