ছবি:সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসে উপ-সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) দেলোয়ার হোসেন ও অফিস সহায়ক আয়াত উদ্দিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সরকারি এই অফিসের ভেতরে দরজা বন্ধ করে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার (দুপুর সাড়ে ১১টার দিকে) উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের তোয়াকুল ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তহশিলদার দেলোয়ার হোসেন ও অফিস সহায়ক আয়াত উদ্দিন অফিস কক্ষের দরজা বন্ধ অবস্থায় একে অপরের গলার কলার ধরে কিল-ঘুষি মারছেন। এ সময় বাইরে অবস্থানরত সেবা গ্রহীতারা দরজা খোলার জন্য আহ্বান জানান। পরে দরজা খুলে এক যুবক ভেতরে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আয়াত উদ্দিনকে কক্ষ থেকে বের করে দেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ অভিযোগ করছেন, আর্থিক লেনদেন বা ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। আবার অনেকে ভূমি অফিসটিকে দুর্নীতির আখড়া বলে মন্তব্য করে জানান, নির্ধারিত ফি’র বাইরে অর্থ ছাড়া এখানে সেবা পাওয়া কঠিন।
এ বিষয়ে জানতে চাইলে তহশিলদার দেলোয়ার হোসেন ফোনে বলেন, তিনি বাইরে আছেন এবং পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।
অপরদিকে অফিস সহায়ক আয়াত উদ্দিন দাবি করেন, সকালে অফিসে এসে তিনি হাজিরা খাতা চাইলে তহশিলদার তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে প্রশ্ন করলে তহশিলদার ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন এবং দরজা বন্ধ করে তাকে মারধর করেন। তিনি আত্মরক্ষার্থে প্রতিরোধ করেন বলে জানান।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




