সংগৃহিত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় লালাখাল পর্যটন এলাকায় পর্যটক ও দর্শনার্থীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেল ৪:০০ মিনিটে লালাখাল নৌঘাটে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় জনস্বার্থে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের ৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে ভাড়ার তালিকা (চার্ট) প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, এর আগে বিষয়টি মৌখিকভাবে সতর্ক করা হলেও তা অমান্য করায় এ জরিমানা আরোপ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে একই ধরনের অভিযোগ পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযান কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পর্যটন এলাকায় কোনো ধরনের অনিয়ম ও ভোক্তা হয়রানি বরদাস্ত করা হবে না। সেবা গ্রহণকারীদের স্বার্থ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সকল ব্যবসায়ীকে নির্ধারিত ভাড়া তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।
জৈন্তা বার্তা /ওয়াদুদ




