ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসায় দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এখন স্বস্তিতে রয়েছেন। তিনি দাবি করেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই সম্প্রীতির কথা বললেও তা বাস্তবে ধারণ করেন না বলেও মন্তব্য করেন তিনি। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের নয়াদুবাগ গ্রামে বাসন্তী পূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় কালিবাড়ি মন্দিরের সাবেক সভাপতি রনিজত পাল সাধনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এনাম উদ্দিন বিলাল ও অপন মালাকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, উপদেষ্টা আব্দুল মান্নান, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, সাবেক সহ-সভাপতি মো. আব্দুল করিম ও সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন।
বাসন্তী পূজা উদযাপন পরিষদ ও লাউতা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন ভুবেনশ্বর পাল মন্টু এবং স্বাগত বক্তব্য দেন সন্দীপ পাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ইউনিয়ন ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে এমপি এমরান আহমদ চৌধুরী নয়াদুবাগ গ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
অন্যদিকে, সম্প্রতি বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম ত্রিমুখী হাসপাতাল সড়কে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি দোকান পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




