সংগৃহীত
সিলেটের ওসমানীনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঁদা না দেওয়ায় দেয়াল ভাঙচুর ও দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার সাদীপুর ইউনিয়নের নুরপুর গ্রামে।অভিযোগ সূত্রে জানা যায়, লন্ডন প্রবাসী জিলু মিয়া ক্রয়সূত্রে ১৯ শতক জমির মালিক। পাশাপাশি ৫২৪ নম্বর দাগে পারিবারিক উত্তরাধিকার সূত্রে জমির দাবিদার হন আব্দুর রহমানের নাতি শিপন, যিনি ওই জমির ৯ শতাংশের মালিকানা দাবি করে আসছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
ভুক্তভোগী পক্ষের অভিযোগ, গত ২১ মার্চ গভীর রাতে অভিযুক্ত ইয়াওর মিয়া ও তার ভাড়াটে সন্ত্রাসীরা জমিতে নির্মিত দেয়াল ভেঙে ফেলে এবং সেখানে থাকা একটি দোকানঘরে তালা লাগিয়ে দেয়। অভিযোগে আরও বলা হয়, এর আগে অভিযুক্তরা চাঁদা দাবি করেছিল, কিন্তু তা না দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে।এ ঘটনায় প্রবাসী জিলু মিয়ার ভাতিজা নুশেদ আহমদ বাদী হয়ে ১৮ জনকে আসামি করে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইয়াওর মিয়া বলেন, জমিটি নিয়ে আমাদের বৈধ দাবি রয়েছে। আমরা কোনো চাঁদা দাবি করিনি। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।বাদী নুশেদ আহমদ বলেন, আমার চাচার ক্রয়কৃত জমিতে জোরপূর্বক দখল নিতে তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। চাঁদা না দেওয়ায় গভীর রাতে দেয়াল ভেঙে ফেলে এবং দোকানে তালা লাগিয়ে দেয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জৈন্তাবার্তা/সুলতানা




