জৈন্তাপুরে মোবাইল কোর্টে অভিযান: ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস, ২জনকে কা রা দ ণ্ড
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৭ AM

জৈন্তাপুরে মোবাইল কোর্টে অভিযান: ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস, ২জনকে কা রা দ ণ্ড

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৩/২০২৬ ০৬:২১:৩২ PM

জৈন্তাপুরে মোবাইল কোর্টে অভিযান: ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস, ২জনকে কা রা দ ণ্ড

নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের পৃথক দুইটি অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬)  উপজেলার লালাখাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ইঞ্জিনচালিত ভারী নৌকা ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত নৌকাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকটি নৌকা ও সংশ্লিষ্ট লোকজন পালিয়ে যায়।

পরবর্তীতে একই দিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুলের পেছনের এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬/১৫ ধারায় দুইটি মামলায় দুইজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে একজনকে ১৫ দিন এবং অপরজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ,নবী ইসলাম আমিন (১৯), পিতা: মসকত আলি, গ্রাম:  ২ নং লক্ষীপুর  এবং নূরউদ্দিন ইসলাম  (৪৫), পিতা: মৃত কাশেম আলি, গ্রাম: চারিকাটা ভিত্রীখেল। এ সময় পৃথক দুইটি অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি, যেন ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধ হয়।”

জৈন্তাবার্তা/সুলতানা