সংগৃহিত
বিয়ানীবাজারে ক্রীড়াপ্রেমীদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বড়দেশ ১ম মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা’। শুক্রবার রাতে বড়দেশ মঞ্জিল আলা মাঠে আয়োজিত এই জমজমাট ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপি’র সহসভাপতি নজমুল হোসেন পুতুল।
রাত ৯টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া ফাইনাল খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে বড়দেশ ইয়াং স্টারকে ৩-০ গোলে পরাজিত করে উদ্দীপনা ক্রীড়া সংঘ মুড়িয়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি’র সভাপতি হোসেন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজমুল হোসেন পুতুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপি’র সহসভাপতি আব্দুল কুদ্দুছ ও আব্দুস সবুর। এছাড়াও আব্দুল বাসিত ফয়ছল, ইমরান আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে বিপথগামীতা থেকে দূরে রাখার পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে একটি বড় ফ্রিজ এবং রানার্সআপ দলের হাতে একটি ছোট ফ্রিজ তুলে দেন। একই সঙ্গে প্রবাসী ও খেলা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের সম্মাননা স্মারক প্রদান করেন এলাকার মুরব্বি ও আয়োজক কমিটির দায়িত্বশীলরা।
জৈন্তা বার্তা /ওয়াদুদ




