ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পবিত্র উপাসনালয় মসজিদে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চিলাউড়া ইউনিয়নের ইসমাইল চক মাঝপাড়া জামে মসজিদের তালা ভেঙে মাইক, আইপিএস ও সৌরবিদ্যুতের সরঞ্জামসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ মার্চ) গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার দিবাগত রাতেও মুসল্লিরা এশার নামাজ পড়ে বাড়িতে চলে যান। রোববার ভোরে ফজরের আযান দিতে গিয়ে মসজিদের ইমাম সাহেব দেখতে পান প্রধান ফটকের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে তিনি দেখেন মসজিদের অভ্যন্তরীণ দরজার তালাও ভাঙা অবস্থায় পড়ে আছে। পরে দেখা যায়, মসজিদের মাইকের সেট, আইপিএস মেশিন, সৌর বিদ্যুতের বোর্ড, দামী ব্যাটারি ও মাইকের মাউথসহ গুরুত্বপূর্ণ সব ইলেকট্রনিক সরঞ্জাম নেই।
চুরির খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। মসজিদের মোতাওয়াল্লী আক্ষেপ করে জানান, এটিই প্রথম নয়; এর আগেও এই মসজিদে আরও দুইবার চুরির ঘটনা ঘটেছে। প্রতিবারই বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এই নিস্পৃহতার কারণেই চোর চক্র বারবার দুঃসাহস দেখাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সরেজমিনে দেখা গেছে, ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় এবং মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুর্বৃত্তরা অনায়াসেই ভারী আইপিএস ও ব্যাটারি খুলে নিয়ে যেতে সক্ষম হয়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মসজিদ আমাদের ধর্মীয় আবেগের জায়গা। আল্লাহর ঘরেও যদি নিরাপত্তা না থাকে, তবে সাধারণ মানুষ কোথায় নিরাপদ? এভাবে বারবার চুরির ঘটনা আমাদের নিরাপত্তাহীনতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী অবিলম্বে এই চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা মনে করেন, দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে জগন্নাথপুরের অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও এমন চুরির ঘটনা বাড়তে পারে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




