সংসদে প্রথম বক্তব্যেই গোলাপগঞ্জ–বিয়ানীবাজারের গ্যাস সংকট তুলে ধরলেন এমপি এমরান
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৫২ AM

সংসদে প্রথম বক্তব্যেই গোলাপগঞ্জ–বিয়ানীবাজারের গ্যাস সংকট তুলে ধরলেন এমপি এমরান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৬ ০৮:৩২:০৪ PM

সংসদে প্রথম বক্তব্যেই গোলাপগঞ্জ–বিয়ানীবাজারের গ্যাস সংকট তুলে ধরলেন এমপি এমরান

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রথমবারের মতো জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন। রবিবার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে তিনি এ বক্তব্য রাখেন।

প্রথম বক্তব্যেই তিনি তার নির্বাচনি এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের দীর্ঘদিনের অন্যতম সমস্যা গ্যাস সংকটের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন।

বক্তব্যের শুরুতে তিনি অধিবেশন পরিচালনাকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর প্রতি ধন্যবাদ জানান। একই সঙ্গে মহান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সিলেট-৬ আসনের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, বিয়ানীবাজার উপজেলার কৈলাশটিলা গ্যাসক্ষেত্র উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া গোলাপগঞ্জের এমসি একাডেমি মাঠে আয়োজিত এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন-গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চাহিদা পূরণের পরই দেশের অন্যান্য স্থানে গ্যাস সরবরাহ করা হবে।

তিনি আক্ষেপ করে বলেন, সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি। ফলে দুই উপজেলার মানুষ এখনো গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। এ অবস্থায় তিনি স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানান।

উল্লেখ্য, এমপি এমরান আহমদ চৌধুরীর নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাস সমস্যা সমাধান। তিনি বিভিন্ন সময়ে প্রয়োজনে আন্দোলনের মাধ্যমেও এ দাবি আদায়ের অঙ্গীকার করেছিলেন। তারই ধারাবাহিকতায় সংসদে প্রথম বক্তব্যে অন্য কোনো প্রসঙ্গ উত্থাপন না করে তিনি এই জনদাবিকেই অগ্রাধিকার দেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ